সারাদেশে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ।
পিরোজপুর : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধিসহ ১১ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। রবিবার সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল উপজেলার স্কুল-কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, অমল চন্দ্র মন্ডল, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্না, অধ্যাপক ইশ্বর চন্দ্র দাস, প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ সংগঠনের শিক্ষক নেতা-কর্মীরা। পরে শিক্ষকগণ বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
মাদারীপুর : মাদারীপুরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবাইদুর রহমান, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আ. কুদ্দুস মিয়া প্রমুখ।
মাগুরা : শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য রাখেন, সামছুজ্জামান সেলিম, বাহারুল ইসলাম শিক্ষক নেতৃবৃন্দ।
বাগেরহাট : বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতিসহ মোট নয়টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তব্য দেন, শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি, আ. মান্নান, সাধারণ সম্পাদক ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক সমন্বয়কারী মুকুন্দ কুমার দাস, সদর উপজেলার আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
বরগুনা : বরগুনা জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি বিক্ষোভ মিছিল ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন, জেলা সমন্বয়কারী অধ্যক্ষ মো. জিয়াউল করিম, অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, অধ্যক্ষ ফারুক হোসেন, বরগুনা সদর উপজেলা সমন্বয়কারী অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আবদুল কুদ্দুস, বামনার যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক, শংকর দেবনাথ, রেইজিনা ইয়াসমিন, ইফতেখার রাসুল প্রমুখ।
ঝিনাইদহ:শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মহিউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ শাখার সভাপতি জয়া রানী চন্দ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, শিক্ষক নেতা সুব্রত কুমার মল্লিক, আব্দুলা আল মামুন, বিনয় কৃষ্ণ বিশ্বাস, আলমগীর হোসেন, রেজাউল করিম, মুনির হোসেন মুকুল, নিমাই চন্দ্র দে, ইছাহাক আলী, শাহানাজ পারভীন মুন্নী প্রমুখ।
ময়মনসিংহ:শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবিতে ময়মনসিংহে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ। রবিবার দুপুরে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুন্নাহার, সেক্রেটারী চাঁন মিয়া, শিক্ষক নেতা খন্দকার সুলতানউদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক সমাজ। পরে তারা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
ইত্তেফাক/নূহু
