নিকলী উপজেলার এমারচর ঘাটে পাথরবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে আরো একজনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ওই শ্রমিকের নাম মইন উদ্দিন (৫০)। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রাসম গ্রামের বাসিন্দা।
সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী জানান, সোমবার দুপুর ১২টার সময় কয়েকজন জেলে এসে বলেছে ধনু নদীতে একটি লাশ ভাসছে। লাশ দেখে তারা থানায় খবর দেয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ভূইয়া একজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াহ্ ইয়া খান জানান, উদ্ধার হওয়া মইন উদ্দিনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার এমারচর ঘাটে ধনু নদীতে পাথরবোঝাই বাল্কহেড ডুবে গেলে মো. আল-আমিন (২৭) ও মইন উদ্দিন (৫০) নামে দুইজন শ্রমিক নিখোঁজ হয়। তাদের মধ্যে সোমবার দুপুরে মইন উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর অাগে শ্রমিক মো. আল-আমিনের (২৭) লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ইত্তেফাক/আরকেজি
