জঙ্গিবাদের মূল উৎপাটনে সরকার বদ্ধ পরিকর : হানিফ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:১৫
 
আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, সরকার কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদকে সহ্য করবে না। সন্ত্রাস জঙ্গিবাদের মূল উৎপাটন করতে সরকার বদ্ধ পরিকর। 
 
সোমবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি, ফিরোজা বেগম চিনু এমপি, সহ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ দলের অন্য নেতারা বক্তব্য রাখেন। 
 
হানিফ বলেন, নির্ভিয়ে নিশ্চিন্তে পাহাড়ের আনাচে কানাচে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। কোথাও আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা হলে হামলাকারীরারেহাই পাবে না। তাদের কঠোর ভাবে দমন করা হবে।  পাহাড়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে যারা ভুল পথে এগুচ্ছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।
 
রাঙ্গামাটিতে সাম্প্রতিক আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, অপহরণ, হামলার প্রেক্ষাপটে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।
 
ইত্তেফাক/ইউবি