‘বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাগ্রস্ত’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৪১
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে।
 
আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে সরকারের চার বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাগ্রস্ত। তারা এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকারের কোনো রূপরেখা দিতে পারেন নি। তারা ঘোষণা করেছিল, নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে। তারা আজ পর্যন্ত সে ঘোষণা দিতে পারেন নি।
 
বিএনপি কখনো নির্বাচন সহায়ক সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার বা কখনো নির্দলীয় সরকারের দাবি করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, পরিষ্কার করে বলবেন, আপনারা কোন সরকার চান। দেশের মানুষ তা জানতে চায়।
 
বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নিজস্ব রাজনৈতিক স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নেই।
 
শিল্প ও বাণিজ্য উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে