দিন দুয়েকের মধ্যে কমতে পারে কুয়াশার দাপট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০০:৪৯

ঘন কুয়াশার দাপট আরো দুই দিন থাকতে পারে। ঠাণ্ডা কমবেশি থাকবে সারামাস। তবে কুয়াশা কমে গেলে সূর্যের তাপ পাওয়া যাবে, ঠাণ্ডার অনুভব কমবে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা গতরাতে এ তথ্য দিয়ে বলেছেন, খুলনা, রাজশাহী ও রংপুরে ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। বুধবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুধু রাজশাহী ও রংপুর বিভাগের ওপর সীমাবদ্ধ হওয়ার  সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতি আরো দুইদিন পর্যন্ত অ্যবাহত থাকতে পারে।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, সোমবার ভোর সাড়ে তিনটা থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ ছিল। এ সময় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে কুয়াশার মধ্যে চলাচল করছে যাত্রীবাহী লঞ্চ ও অবৈধ ট্রলার।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, মাঝেমধ্যে কুয়াশা কম দেখে ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর লঞ্চ মাঝ নদীতে কুয়াশার চাদরে আটকা পড়ে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টায় সচল হয়েছে।

ইত্তেফাক/নূহু