পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যক্রম মানসম্মত ও দ্রুত সম্পন্ন হতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০০:৫০

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। এ দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী’র নির্দেশনা অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়ের সকলকে কাজ করতে হবে। আমি প্রথম বরিশালের গৌরনদীতে এসেছিলাম শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সাথে। বঙ্গবন্ধু’র মন্ত্রিসভার সদস্য তত্কালীন বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের হাতেগড়া পানি উন্নয়ন বোর্ডেও আজ তার সুযোগ্য সন্তান আবুল হাসানাত আব্দুল্লাহকে সাথে নিয়ে এসেছি।

তিনি গতকাল সোমবার দুপুরে বরিশালে আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যক্রম দৃশ্যমান হতে হবে। বর্তমান সরকারের এ পর্যায়ের সময়ের মধ্যে চলমান প্রকল্পসমূহ যে কোনো মূল্যে দ্রুত সম্পন্ন করতে হবে। নদীমাতৃক অঞ্চল বরিশালের ড্রেজিং সমস্যা নিরসনে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সচেষ্ট রয়েছেন। কাজের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল ও ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি মেনে নেয়া হবে না বলে উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বরিশাল শহর রক্ষা বাঁধ, ভাঙনকবলিত চরকাউয়াসহ গুচ্ছ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন। পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বরিশালের নদী ভাঙ্গনসহ   নানা উন্নয়ন কার্যক্রমে আবুল হাসানাত আব্দুল্লাহ’র পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার লিখনীতে তারা উজ্জীবিত হয়ে যুদ্ধ করেছিলেন। এ পরিবারের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি এসময় তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতিচারণ করেন। আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দিত এবং তাকে অভ্যর্থনা জানাতেই দীর্ঘ ৪৩ বছর পর এ পানি উন্নয়ন বোর্ডে এসেছেন। কেননা তার পিতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ৪৩ বছর পূর্বে পানি সম্পদ, বিদ্যুত্ ও ভূমি মন্ত্রী থাকাকালে পানি উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। তার পিতা শহীদ হওয়ার পর এ পর্যন্ত তিনি আর এখানে আসেননি। তিনি বলেন, আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগ মন্ত্রী থাকাকালে দক্ষিণাঞ্চলের যোগাযোগে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি মন্ত্রীর  দায়িত্ব পেলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন বৃদ্ধি পায়। আবুল হাসানাত আব্দুল্লাহ শহর রক্ষা বাঁধ, ভাঙনকবলিত চরকাউয়া রক্ষাসহ নদীর নাব্যতা সংরক্ষণে ড্রেজিংসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার জন্য পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সোমবার দুপুরে বরিশাল নগরীর ভিআইপি কলোনীস্থ বরিশাল জোনের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এমপি, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র মো. আহসান হাবিব কামাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ অঞ্চল) সাজিদুর রহমানসহ অন্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নগরীর ভিআইপি কলোনীস্থ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। এ সময় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, কর্মচারী কল্যাণ পরিষদ, ঠিকাদার ও জাতীয় পার্টি জেপি মহানগর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ অঞ্চল) সাজিদুর রহমান এখানকার চলমান প্রকল্পগুলো সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভোলা পওর সার্কেল) জহির উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেল) মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বরিশাল পওর বিভাগ) আবু সাইদ, নির্বাহী প্রকৌশলী (পিরোজপুর) সাইদ আহমেদ, নির্বাহী প্রকৌশলী (বরগুনা পওর) মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (পটুয়াখালী পানি উন্নয়ন বিভাগ) মোঃ আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী (পটুয়াখালী পওর বিভাগ) মোঃ হাসানুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (ভোলা পওর বিভাগ-২) মোঃ আবুল কায়সার, নির্বাহী প্রকৌশলী (ভোলা পওর বিভাগ-১) মোঃ বাবুল আকতার, বরিশাল যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট মোঃ নুরুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে সংগঠনের বরিশাল মহানগর সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় জেপি’র নেতৃবৃন্দ এ সময় ফুল দিয়ে স্বাগত জানান।

আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা

ভান্ডারিয়া থেকে ফজলুর রহমান জানান, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়ায় তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, আমরা যে দলই করি না কেন এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিবাদ, ফ্যাসাদ, ঝগড়া-ঝাটি থাকলে সে এলাকায় উন্নয়ন কাজ ব্যাহত হয়। আপনাদের মাঝে ৩২ বছর আছি আর তাই আল্লাহর রহমতে এই দীর্ঘ সময় আপনারা এক থাকায় এলাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নের ধারা চলছে তা কেউ রোধ করতে পারবে না। বর্তমানে ভান্ডারিয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় এবং পৌর সভার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গতকাল সোমবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু তাঁর ভান্ডারিয়াস্থ বাস ভবন থেকে ঢাকা যাওয়ার প্রাক্কালে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আওয়ামী লীগের  দলীয় কার্যালয় তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বাবুল শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. স্বপন সিকদার, জেপি’র উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, টুিঙ্গপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিনাজুর রহমান নিপু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমুখ। এর আগে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে তাঁর বাস ভবনে উপজেলার ভিটাবাড়িয়ায় তারিন হোসেন কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধার উদ্যোগে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে অসহায় গৃহহীনদের মাঝে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

ইত্তেফাক/নূহু