চৌদ্দগ্রাম উপজেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত শাহ ফখরউদ্দিন সড়কের বেশ কয়েকটি কালভার্ট দীর্ঘদিন থেকে ভাঙা অবস্থায় রয়েছে। কালভার্টগুলোতে কোনো সংকেত না থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
জানা যায়, শাহ ফখরউদ্দিন সড়কে প্রতিদিন শত শত সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের মুন্সিরহাট ইউনিয়নে দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত কালভার্টটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা অংশে কোনো সাংকেতিক নির্দেশনা না থাকায় যে কোনো মুহূর্তে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর উদ্যোগে অনেক সময় লাল কাপড় টানিয়ে বিপদ সংকেত দিয়ে রাখলেও কয়েকদিন পর তা আর দেখা যায় না। শিগগিরই কালভার্টটি সংস্কারের জন্য রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ।
ইত্তেফাক/নূহু
