বাঁকড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৫৮

মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে পানিতে চুবিয়ে এবং সারা রাত শিকল দিয়ে গাছের সাথে বেঁধে এক যুবককে নির্মম নির্যাতন করা হয়েছে। জমি-জায়গা সংক্রান্ত গণ্ডগোলের জের ধরে এই নির্যাতন হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া গ্রামে।

গ্রামবাসী জানায়, মহেশপাড়া গ্রামের এলায় বক্স গোলদার ও মৃত হযরত আলী গোলদারের ছেলেদের সাথে পৈত্রিক ১০ কাটা জমি নিয়ে দীর্ঘদিন গণ্ডগোল চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের স্কুল মোড়ের গোলাম মোস্তফার চায়ের দোকানে এ বিষয় নিয়ে দলিল ও কাগজপত্র দেখাদেখি হচ্ছিল। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বাঁধে।

মারামারিতে মৃত হযরত আলী গোলদারের ছেলে মোমিনুল আহত হয়। তাকে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাঁকড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত হতে বলে এবং সকালে বিষয়টি নিয়ে নিষ্পত্তি হবে বলে জানায়। কিন্তু গভীর রাতে মৃত হযরত আলী গোলদারের ছেলে মনিরুল ইসলাম ও তার ভাই-ভাইপোরা মিলে এলায় বক্স গোলদারের বড় ছেলে সুজন কবীরকে ঘুম থেকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে পানিতে চুবিয়ে এবং সারা রাত শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করে।

সকালে বাঁকড়া পুলিশের এসআই সিরাজুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে। গ্রামবাসী জানায়, মারামারির সময় সুজন কবীর বাড়ি ছিল না বা সে কিছুই জানতো না। পুলিশ মৃত হযরত আলী গোলদারের ছেলে মনিরুল ইসলাম, তার ভাইপো রনক ও এলায় বক্স গোলদারের ছেলে সুজন কবীরকে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। পরে উভয় পক্ষকে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোন মামলা হয়নি।

এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মেজবাহ আহমেদ জানিয়েছেন, উভয় পক্ষ মুচলিকা দিয়ে এসেছেন। তারা নিজেরা বিষয়টির নিষ্পত্তি করে নিবেন। ঘটনায় কোন মামলা হয়নি।

ইত্তেফাক/আরকেজি