কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর বাজার সংলগ্ন এমারচরে ধনু নদীতে পাথরবোঝাই কার্গো ডুবির ঘটনার পাঁচদিন পর আরও এক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ডুবুরিরা কার্গোটির কেবিন থেকে আল আমিন (৩০) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। এর আগে মইনউদ্দিন ও মহসিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। এই নিয়ে নিখোঁজ তিন কর্মচারীরই লাশ উদ্ধার করা হলো।
গত বৃহস্পতিবার সকালে পাথর বোঝাই কার্গোটি সুনামগঞ্জের ছাতক থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর যাওয়ার পথে অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে তিন কর্মচারীসহ সেটি নদীতে ডুবে যায়। নিকলী থানার ওসি নাসিরউদ্দিন ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
