আওয়ামী লীগ নেতা কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় কারাগারে ১৯ আসামি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯
 
মঠবাড়িয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় ১৯ আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
 
মঙ্গলবার সকালে ওই মামলার পলাতক ২০জন আসামি আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন শুনানি শেষে ৪জনের জামিন মঞ্জুর করে বাকি ১৬জনকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। একই সাথে ওই মামলায় সোমবার রাতে উপজেলার ভগিরথপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া প্রধান আসামি শাহিন তালুকদার (৪৫), স্বপন তালুকদার (৫০) ও আল মামুনকে (৩২) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, গত বছর ২৬ ডিসেম্বর সন্ধ্যায় তুষখালী লঞ্চঘাটের কাছে ধানীসাফা ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের মোটরসাইকেল গতি রোধ করে তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ও ডান হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষ।
 
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুই পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর ইদ্রিসের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ২৮জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. নূর আমিন জানান, এঘটনায় বাকি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি