স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের ব্লু ইকনোমিক এলাকা সমুদ্রাঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবন এলাকার মানুষকে নিরাপদ রাখতে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আরো চারটি ক্যাম্প স্থাপন করা হবে।
সুন্দরবনের অন্যতম সক্রিয় জলদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্যের আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর রূপাতলীর র্যাব দফতরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই তিন বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এই আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাই জনগণের জান-মালের নিরাপত্তার জন্য আমরা আমাদের সকল বাহিনীর শক্তি বৃদ্ধি করে চলছি। দেশের মানুষ, পেশাজীবী ও ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সেই লক্ষে কাজ করে যাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, ইতিমধ্যে সরকার আত্মসমর্পণকারী ১’শ ৩২জন জলদস্যূকে আর্থিক সহায়তাসহ পূর্নবাসনের ব্যবস্থা করেছেন। এদের বেলায়ও তা করা হবে। তবে যাদের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনের মামলা চলমান আছে সেগুলো আইন অনুযায়ী চলবে।
ইত্তেফাক/কেকে
