রেলের পুরান টিকিটে নতুন তারিখ বসিয়ে প্রতারণা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:০০
দূরপাল্লাগামী ট্রেনের পুরনো টিকিটে নতুন তারিখ বসিয়ে চলছে প্রতারণা। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ কাজটি করে যাচ্ছে। কিন্তু হাতে নাতে ধরা না পড়ায় আইন-শৃঙ্খলা বাহিনী এ চক্রটির বিরুদ্ধে আইনগত উদ্যোগ নিয়ে পারছিলনা। তবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে হাতে নাতে এ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃত প্রতারক শামছুল ইসলাম তরিকের কাছ থেকে রেল নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাবিনের ৫টি টিকিট।
 
এ ব্যাপারে বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মুজিবুর রহমান বলেন, পুরনো টিকিটে নতুন তারিখ বসিয়ে একটি চক্র যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। কিন্তু আমরা হাতে নাতে গ্রেফতার করতে না পারায় কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছিলনা। আমরা এ চক্রকে গ্রেফতার করার জন্য সোর্স নিয়োগ করেছি। সোর্সের দেয়া তথ্য মতে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ৫টি টিকিটসহ তরিককে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি জানান, তরিকের গ্রামের বাড়ি কুমিল্লায়। তাকে রেলওয়ে থানায় সোর্পদ করা হয়েছে। তার অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
রেলওয়ের এ নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে তরিক জানিয়েছে, দূরপাল্লাগামী ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন ভাবে যাত্রীদের ব্যবহৃত টিকিট সংগ্রহ করে থাকে। এরপর সুকৌশলে টিকিটের তারিখ পরিবর্তন করে। পরে স্টেশনের কাউন্টারে অপেক্ষা করতে থাকে। যেসব যাত্রী কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেনা, তাদেরকে টার্গেট করে। টিকিটে লেখা মূল্যেই টিকিট বিক্রি করে থাকে। তিনি আরও বলেন, এমন ভাবে টিকিটের তারিখ পরিবর্তন করে তাতে কোন ভাবেই বোঝার উপায় থাকেনা যে টিকিটের তারিখ টেম্পারিং হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই