রাজশাহীর মোহনপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১৭
 
‘একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। আর বর্ষা মৌসুমে তো চলাই যায় না।’ উদ্ভূত সমস্যার সমাধানে রাজশাহীর মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রাম হতে কালিগ্রাম যাওয়ার রাস্তার খালের দুপাশে  স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছেন এলাকাবাসী। রাস্তাটি নির্মিত হলে পোল্লাকুড়ি গ্রাম, আমরাইল গ্রাম ও কালীগ্রামের সাথে প্রত্যন্ত গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হবে বলেও জানিয়েছে স্থানীয়রা।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রায় এক হাজার পরিবার সড়কের অভাবে যাতায়াতে দুর্ভোগের শিকার হতো। বর্ষায় কাদাপানি মেখে বহু কোমলমতি শিক্ষার্থীসহ কৃষক শ্রমজীবী লোকজন দুর্ভোগের মধ্যে যাতায়াত করে। তাদের এ দশা থেকে মুক্তির লক্ষ্যে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপক্ষো করে গ্রামের প্রায় ৩শত লোকজন রাস্তা নির্মাণের লক্ষ্যে সোমবার থেকে স্বেচ্ছাশ্রমে মাটি কাটা শুরু করে। এতে ওই পাড়ার লোকজনের মধ্যে রাস্তা নির্মাণের আশার সঞ্চার হয়।
 
ভুক্তভোগী ধূরইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম জানান, অনেকদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগ থাকায় আমরা সবাই মিলে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। রাস্তা নির্মাণের কাজ এগোচ্ছে সরকারি সাহায্য পেলে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ওই রাস্তা নির্মাণ কাজে গ্রামবাসীর সাথে অংশ নেন ইউপি সদস্য আজাদ আলী, আলমগীর হোসেন, নাসির উদ্দিন, আবুল কাশেম, আলাউদ্দিন, হেলাল উদ্দিন, সেকান্দর আলী, মাহাবুল, মিলন, সাইফুল, বাবুল হোসেন।
 
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই পাড়ার লোকজন সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছিল। স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তা নির্মাণের যে উদ্যোগ এলাকাবাসী গ্রহণ করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং রাস্তাটি সম্পন্ন করতে যা করা প্রয়োজন আমি সবই করব।
 
ইত্তেফাক/আরকেজি