মোহনগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মান কাজ উদ্বোধন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০০:০৬


নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর (খাবিটা) আওতায়  হাওরের ফসল রক্ষা হাইজদা প্রকল্পের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজার সংলগ্ন উত্তর পাশে ৪১ লাখ টাকা ব্যয়ে জালালের কুড় প্রকল্পের ৩শ ১৫ মিটার দৈর্ঘ্যের ২টি অংশের বাঁধ নির্মান হচ্ছে। এ উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে হাইজদা প্রকল্পের পরিচালনা বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জালালের কুড় প্রকল্পের পিআইসি কমিটির একাংশের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, কৃষি অফিসার মফিজুল ইসলাম নাফিজ, গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

একাকার কৃষকদের ফসল রক্ষার জন্য সরকার চলতি বোরো মৌসুমে ২৯ কিঃ মিটার বাঁধের বিভিন্ন অংশ পুনঃনির্মানের জন্য ২ কোটি ২১ লাখ ২৭ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ, এলাকার কৃষকগণ ও প্রকল্প কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। বাঁধ নির্মানে সরকারি টাকার কোন সমস্যা নেই। কাজে কোনো দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না। বাঁধে লোক দেখানো কাজ করলে মেনে নেয়া হবে না। আমরা হাওরের কৃষকদের পাশে থাকতে চাই। সরকারের উন্নয়নের সাথে থাকতে চাই। আর ব্যর্থতা নয়, এবার কৃষকের মুখ হাসি দেখতে চাই।

উল্লেখ্য যে, দুর্নীতি অনিয়মের কারনে প্রতিবছর অকাল বন্যায় বাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে কোটি টাকার বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। নির্বাহী প্রকৌশলী ইত্তেফাককে বলেন, ২৮ ফেব্রয়ারির মধ্যে বাঁধ নির্মান কাজ সমাপ্ত করতে হবে।

ইত্তেফাক/নূহু