রাজৈরে বালু দস্যুদের দৌরাত্ম্য তীরের রাস্তা কুমার নদে বিলীন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০২:৪৭

রাজৈর উপজেলার বালু দস্যুদের দৌরাত্ম্যের কারণে নদী পাড়ের রাস্তা নদীতেই বিলীন হচ্ছে। এদিকে নদী পাড়ের মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন।

বালু দস্যুদের ব্যাপক তত্পরতা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে রাস্তার পাশের নদী গভীর হয়ে যাওয়ায় টেকেরহাট-গোয়ালবাথান-কবিরাজপুর রাস্তার গোয়ালবাথান এলাকার বেশ কিছু অংশ আট ফুট পরিমাণ দেবে যায়।

পরে যানবাহন ও লোক চলাচলের জন্য রাস্তার এ অংশে নদীর পাশ সুরক্ষা না করেই সরাসরি নদীতে অবৈধ ভাসমান ড্রেজার বসিয়ে ওই স্থানে বালু ভরাটের কাজ করছিল স্থানীয় এক প্রভাবশালী। কিন্তু গত ৯ জানুয়ারি ভোরে রাস্তার এ অংশ ধসে কুমার নদের গর্ভে বিলীন হয়ে যায়। এ ধসের কারণে টেকেরহাট বন্দর ও রাজৈর উপজেলার সঙ্গে হরিদাসদী-মহেন্দ্রদী ও কবিরাজপুর ইউনিয়নের প্রায় ১৩ হাজার লোক সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙনের শিকার গোয়ালবাথান গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বর জানান, বালু দস্যুদের কবলে পড়ে নদী ভাঙতে ভাঙতে তার বাড়ি এখন মাত্র তিন হাত দূরে রয়েছে। বাড়ির উত্তর পাশে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার-ভূমি) মো. মোশারফ হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জিরো টলারেন্সে থাকবো।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাইদুর রহমান রাস্তাটি এলজিইডির জানিয়ে বলেন, গত ১৩ জানুয়ারি ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহেদ উদ্দিন ভাঙন এলাকা পরিদর্শন করে জমি পাওয়া সাপেক্ষে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও নদী শাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/নূহু