ঢাকা উত্তর সিটি নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০৮:১৮
 
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে মনোনয়ন বোর্ড দলের মনোনয়ন প্রত্যাশী ১৮ জনের সাক্ষাত্কার নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হবেন আতিকুল ইসলাম।’ ওবায়দুল কাদের বলেন, আমাদের কোনও প্রার্থীর যোগ্যতা কম নয়। দুই জন নারীসহ মোট আঠারো জন মনোনয়নের জন্য আবেদন করেন। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ এ সময় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 
গত দুই সপ্তাহ আগে থেকে মাঠে প্রচারণা চালাচ্ছেন আতিকুল ইসলাম। আনিসুল হকের উত্তরসূরি হতে প্রচারে নামার পর আতিকুল ইসলাম বলেছিলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন তিনি। আতিকুল ইসলামের এক ভাই মো. তোফাজ্জল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।
 
২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও পোশাক ব্যবসায়ী আনিসুল হককে বেছে নিয়েছিল আওয়ামী লীগ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ