দামুড়হুদায় ৩২ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ১

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১০:০৩
 
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দামুড়হুদা বাসস্টান্ড পয়েন্টে অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের ৬৪ ভরি স্বর্ণালঙ্কার সহ কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আটক করা হয়।
 
পুলিশ জানায়, গোপন খবরে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ওই স্থানে তল্লাশি শুরু করে। এ সময় পুলিশ জীবননগর থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ২টি বাক্সসহ কামাল হোসেনকে নামিয়ে আনে। বাক্স ২টিতে উল্লিখিত সোনার গহনা ছিল। সোনার গহনা ভর্তি বাক্স ২টিসহ কামাল হোসেনকে দামুড়হুদা থানায় নেয়া হয়।
 
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ওই ৬৪ ভরি সোনার মোট মূল্য ৩২ লাখ ৬৪ হাজার টাকা। ভারত থেকে পাচার করে আনা উদ্ধারকৃত ওই সোনা গ্রেফতারকৃত চোরাকারবারি কামাল হোসেন চুয়াডাঙ্গায় বিক্রি করতে যাচ্ছিল। আটককৃত কামাল হোসেন জীবননগর উপজেলা শহরের আঁশতলাপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে। কামাল হোসেনকে সোনা চোরাচালান মামলায় আদালতে সোপর্দ করবে।
 
ইত্তেফাক/এসএস