প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প একসাথে কাজ করার লক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ এসএসএফ ব্রিফিং রুমে এ স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাংলাদেশ সরকারের গৃহীত একটি কর্মসূচি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরণ ও মাথাপিছু রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে এটুআই প্রোগ্রামের গ্রামীণ যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো 'কর্মসংস্থানের জন্য দক্ষতা'।
এ সমঝোতা স্মারকের আওতায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৩ লাখ উপকারভোগীর জন্য বিভিন্ন কৃষিজ ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। যে সকল ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে তা হলো হাঁস-মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও নার্সারি। এটুআই প্রোগ্রাম থেকে প্রয়োজনীয় কোর্স মডিউল প্রণয়ন, প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান, রিসোর্স পুল তৈরি, অরিয়েন্টেশন প্রদান, স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন এবং বেইজলাইন ও ইমপ্যাক্ট স্টাডি করা হবে। পাশাপাশি ট্রেডসমূহকে অনলাইনে রূপান্তর করে ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’-এ আপলোড করা হবে, যাতে করে প্রশিক্ষণ পরবর্তী সময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে প্রশিক্ষণার্থীরা প্রয়োজনীয় কনটেন্ট দেখতে পারেন। একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রশিক্ষণার্থী নির্বাচন, বিভিন্ন ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সমন্বয়, জরিপ পরিচালনা, স্থানীয় দক্ষতা উন্নয়ন সংস্থার সাথে সংযোগ স্থাপন ইত্যাদি বিষয়ে কাজ করবে। এটুআই প্রোগ্রামের স্কিলস পোর্টাল (দক্ষতা বাতায়ন)-এর মাধ্যমে এ দক্ষতা উন্নয়ন কার্যক্রমসমূহ নিয়মিত মনিটরিং করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি স্পেশালিষ্ট আসাদ-উজ-জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) প্রণব কুমার ঘোষ এবং এটুআই ও একটি বাড়ি একটি খামার প্রকল্প এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
