ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার সরাইল ও কসবা থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, সকালে জেলার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, কসবা থানা পুলিশ রেলওয়ে লাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে। বুধবার সকালে উপজেলার নোয়াপাড়ায় রেললাইনের ঝোপের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে কি ধর্ষণের পর হত্যা করা হয়েছে, নাকি শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে তাও পুলিশ নিশ্চিত নয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ জানান, নিহত তরুণীর দুই পায়ে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
