ফেনীতে চার কোটি ২৪ লাখ টাকার মাদক ধ্বংস

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৬
 
আজ বুধবার বেলা ১১ টায় জনসচেতনতার লক্ষ্যে স্থানীয় শহীদ সালাম স্টেডিয়ামে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী-৪। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার গাজী মোহাম্মদ আহসানুজ্জামান, এসপিপি, জি। 
 
এছাড়াও ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানরা, মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতর, ফেনীর কর্মকর্তা, কাস্টম এক্সজাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরাসহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের বিশেষ অস্ত্র। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করা পবিত্র দায়িত্ব সকলের। তাই দেশে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল ও সহযোগীতা করার জন্য জোড়ালোভাবে সকলের প্রতি তিনি আহ্বান জানান। মাদকের ছোবলে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার, সমাজ তথা সমগ্র দেশ। তাই মাদকের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করার জন্য বিজিবি সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে বলে উল্লেখ করেন। 
 
পরে শহীদ সালাম স্টেডিয়ামে ভারত থেকে চোরাই পথে আসা জব্দকৃত মদ, বিয়ার, কোরেক্স, ফেনসিডিল, গাঁজা, বাংলা মদ ও টার্গেট ট্যাবলেট সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়। 
 
ইত্তেফাক/কেকে