ভরাডুবির ভয়ে সরকারের খেলা! : মোশাররফ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:৪৩
বিএনপির স্থায়ী কমিটিরর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হাইকোর্টে উপনির্বাচন স্থগিত হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে। সরকার নিজের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন বন্ধ করে দিয়েছে। ভরাডুবির ভয়ে সরকারের কী সুন্দর খেলা! এই উপ-নির্বাচনের সম্ভাব্য ফলাফলের গোয়েন্দা রিপোর্ট আগেই সরকারের হাতে এসেছে। এসব রিপোর্টে আওয়ামী লীগের ভরাডুবির চিত্র ফুটে উঠেছে।
 
বুধবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় এসব কথা বলেন মোশাররফ। স্বাধীনতা ফোরাম এ আলোচনার আয়োজন করে।
 
আদালতে দুই রিটকারীর একজন বিএনপির ভাটারা থানার সাধারণ সম্পাদক আতাউর রহমান হলেও ড. মোশাররফ বলেন, সরকার যখন বুঝতে পেরেছে যে উত্তর সিটি করপোরেশনের মেয়র উপ-নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তখন কোর্টে নিজেদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। 
 
তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের এমন শোচনীয় পরাজয় হবে যে, তাদের প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আওয়ামী লীগের যে পরাজয় শুরু হয়েছে, তাদের এই পরাজয় একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত কেউ রুখতে পারবে না, তা অব্যাহত থাকবে।
 
আগামী নির্বাচন নিয়ে মোশাররফ বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে যাব। তবে শেখ হাসিনার অধীনে নয়।নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকারে অধীনে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ঢাকা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা এবিএম মোশারফ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই