একটি পুলের জীর্ণদশায় কয়েক শত শিক্ষার্থীর দুর্ভোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০০:৪৯

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী-বারইখালী সংযোগ খালের পুলের জীর্ণদশার কারণে দুই গ্রামের শত শত শিক্ষার্থী চরম ভোগান্তি শিকার হচ্ছে। এলাকার জনসাধারণও এতে ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারইখালী ও উত্তর সুতালড়ী গ্রামের যোগাযোগের উন্নয়ন ও দুই পাড়ের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর চলাচলের জন্য পাঁচ বছর আগে পুলটি নির্মাণ করা হয়। এর আগে এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ বাঁশের সাঁকো দিয়ে বছরের পর বছর দুই পাড়ের যোগাযোগ সচল রাখার চেষ্টা করছিল। পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বারইখালী বড় খালের একটি পুরাতন পুলের যন্ত্রাংশ দিয়ে এ পুলটি নির্মাণ করা হয়। পুরাতন যন্ত্রাংশ দিয়ে তৈরি পুলটি একাধিকবার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইউনিয়ন পরিষদের আর্থিক সহায়তায় সংস্কারের কাজও হয়েছে। কিন্তু বর্তমান পুলটি সংস্কারের পর্যায়ে নেই। প্রয়োজন নতুন পুলের।

বারইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, পুলটি এখন সংস্কার না করে নতুনভাবে নির্মাণ করা একান্ত আবশ্যক।

১১৪নং এসপি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা বিথী বলেন, পুলটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ আবশ্যক। ভগ্নদশার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।

ইত্তেফাক/নূহু