ইংলিশ উইঙ্গার থিও ওয়ালকটকে আর্সেনাল থেকে ২৫ মিলিয়ন পাউন্ডের (৩৪ মিলিয়ন মার্কিন ডলার, ২৮.৩ মিলিয়ন ইউরো) বিনিময়ে দলে ভিড়িয়েছে এভারটন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এবারের মৌসুমে প্রায় বেশীরভাগ সময়ই আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গারের সুনজড়ে আসতে পারেননি ওয়ালকট। সে কারনেই নতুন করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে গোডিসন পার্কে যাবার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সী ওয়ালকট। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় আর্সেনালের হয়ে মাত্র ১৬টি ম্যাচে অংশ নিয়েছেন ওয়ালকট। এপ্রিলে গানার্সদের হয়ে সর্বশেষ প্রিমিয়ার লীগের ম্যাচে মূল একাদশে খেলেছিলেন।
দলবদল প্রসঙ্গে ওয়ালকট বলেন, এখানে অবশ্যই ভাল কিছু আছে। আমি নিজেই এই ট্রান্সফারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে ক্লাব ছাড়ার সময় এসেছে। যদিও বিষয়টি দু:খজনক, কিন্তু একইসাথে নতুন ক্লাবে খেলতে আমি মুখিয়ে আছি। আমি আমার ক্যারিয়ার নতুনভাবে শুরু করতে চাই। আশা করছি এভারটনের গিয়ে আমি সবকিছুই পাব। এভারটনের ম্যানেজারও আমাকে নিতে বেশ আগ্রহ দেখিয়েছেন। তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে।
২০০৬ সালে সাউদাম্পটন থেকে আর্সেনালে যোগ দেবার পরে ওয়ালকট ৩৯৭ ম্যাচে ১০৮টি গোল করেছেন। বেসিকটাস থেকে স্ট্রাইকার কেনাক টোসানকে নেবার পরে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে স্যাম অলড্রিচের দলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যোগ দিলেন ওয়ালকট। এ সম্পর্কে এভারটন বস বলেছেন, টোসানের মত থিও নয়, সে পরিক্ষীত। আর্সেনালের হয়ে ১০০রও উপরে গোল তার আছে। তার অন্যতম মূল শক্তি হচ্ছে গতি যা আমার দলে অভাব রয়েছে। আশা করছি আমাদের জন্য থিও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দলে থাকবে। এদিকে এক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে ওয়ালকটকে তার অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়ালকট। ২০১৬ সালের নভেম্বরে স্পেনের বিপক্ষে সর্বশেষ তিনি জাতীয় দলে খেলেছেন। আর্সেনালে অভিষেকের আগে ২০০৬ সালের বিশ্বকাপ দলে গোরান এরিকসনের বিবেচনায় তিনি আকস্মিকভাবে ডাক পেয়েছিলেন। যদিও জার্মানীতে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। বাসস।
ইত্তেফাক/ রেজা
