কালাইয়ে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৩
 
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নের আপলাপাড়া সড়কে রাস্তার পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় আলামিন ইসলাম সনি (১৭) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার চাদনিয়া শিবগঞ্জ বালুপাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের আপলাপাড়া সড়কে রাস্তার পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পারে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
 
এই বিষয়ে কালাই থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান বলেন, আলামিন ইসলাম সনি (১৭) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান