সালথায় দুদল গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতলে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বর ও বিল্লাল মোল্যার গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ বাধে। বৃহস্পতিবার সকালে দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপই দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিল্পী বেগম (১৬) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মানিক মাতুব্বর অভিযোগ করে বলেন, বিল্লাল মোল্যার ভাই মোশারফ হোসেন আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বর। এ ওয়ার্ডে সরকারিভাবে ২২টি কম্বল এসেছে। মেম্বার দুস্থদের মধ্যে বণ্টন না করে নিজের লোকদের দিয়েছে। এ ব্যাপারে আমার সমর্থক সলেমান মেম্বারকে জিজ্ঞাসা করলে মোশারফ ও তার সমর্থকরা তাকে মারপিট করে।
ইউপি সদস্য মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, কম্বল বিতরণে কোন সমস্যা হয়নি। মূলত মানিক মাতুব্বর ও তার সমর্থকদের পূর্ব পরিকল্পনায় দেশিয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। আমরা প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
