চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বদুরপাড়া রাস্তার মাথায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গ্যাস সিলিন্ডার দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
এসময় পটিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের নুরুল ইসলাম ও মোহাম্মদ রানা নামের দুই সদস্যসহ ৪জন আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতাল পরে চমেকে হাসপাতালে পাঠানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
হঠাৎ করে শিবলুর হাজী আবু সোলতান এন্টারপ্রাইজ নামক এলপি গ্যাস সিলিন্ডার দোকানে আগুন দেখে চিৎকারে স্থানীয় লোকজন, চন্দনাইশ থানার পুলিশ ও পটিয়া, সাতকানিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল। প্রায় ২ঘণ্টার পর পুলিশের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/আরকেজি
