ডাবল লিড চায় ইংল্যান্ড; সমতা লক্ষ্য অস্ট্রেলিয়ার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:০৪
ওপেনার জেসন রয়ের বিধ্বংসী ব্যাটিং-এ ৫ উইকেটের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে সফরকারী ইংল্যান্ড। গত রোববারের পর চারদিন বিরতি দিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজে ডাবল-লিড চায় ইংলিশরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনা প্রধান লক্ষ্য অসিদের। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। 
 
অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে জিতে ওয়ানডে লড়াই শুরু করে অস্ট্রেলিয়া। মেলবোর্নে অ্যারন ফিঞ্চের ১০৭ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ পেয়েছিলো অস্ট্রেলিয়া। ওপেনার হিসেবে খেলতে নেমে ১০টি চার ও ৩টি ছক্কায় ১১৯ বল মোকাবেলায় নিজের ইনিংসটি সাজান ফিঞ্চ। 
 
তবে ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরি ম্লান করে দিয়ে ইংল্যান্ডকে জয়ের স্বাদ দেন রয়। ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে একাই লড়েছেন রয়। ১৬টি চার ও ৫টি ছক্কায় ১৫১ বলে ১৮০ রানের ইনিংস খেলেন রয়। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 
 
প্রথম ম্যাচে এমন দুর্দান্ত জয় দ্বিতীয় ওয়ানডেতেও অব্যাহত রাখতে চান ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বোলিং-এ কিছুটা খারাপ কিছুটা খারাপ হলেও ব্যাটিং-এ তা পুষিয়ে নিয়েছি। অসাধারন একটি ইনিংস খেলেছিলেন রয়। তার ব্যাটিং আমাদের মুগ্ধ করেছে। আগামীকালও তার কাছ থেকে এবং দলের সবার কাছে ভালো পারফরমেন্স আশা করছি। সিরিজে ডাবল লিড নিতে চাই আমরা।’
 
বোলারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয় অস্ট্রেলিয়াকে। ঐ ম্যাচের পর অকপটে তা স্বীকারও করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে দ্বিতীয় ম্যাচে ভালো পারফরমেন্স করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্মিথ, ‘প্রথম ম্যাচের ফল আমরা ভুলে গেছি। আমরা নতুনভাবে সবকিছু শুরু করবো। আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয়। সেরা পারফরমেন্স দিয়েই সিরিজে সমতা আনতে চাই। সিরিজের বর্তমান অবস্থা সর্ম্পকে আমরা সকলেই অবগত আছি। এ ম্যাচ জিততে না পারলে অনেক বেশি চাপে পড়ে যাবো আমরা। সিরিজ থেকে ভালো কিছু পেতে হলে দ্বিতীয় ম্যাচেই জয় চাই আমাদের।’ 
 
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, এ্যারন ফিঞ্চ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পাইন, ঝে রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই ক্যামেরন হোয়াইট ও এডাম জাম্পা।
 
ইংল্যান্ড দল: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়াস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, এ্যালেক্স হেলস, ডেভিড মালান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। বাসস।