ফল প্রকাশের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০১:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল একবছরেও প্রকাশ হয়নি। যদিও একই সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অধিকাংশ বিভাগের শিক্ষার্থীদের অনার্স তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কলেজগুলোর অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ সম্পন্ন হয়েছে। সাত কলেজে অধ্যয়নরত কয়েক হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন স্থবির হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা আন্দোলনসহ নানাভাবে কর্তৃপক্ষকে দ্রুত ফল প্রকাশের দাবি জানালেও কোনো লাভ হয়নি। চলতি মাসের মধ্যেই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে সাত কলেজের কয়েকশ ছাত্র-ছাত্রী গতকাল নীলক্ষেত মোড় সোয়া দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আজিমপুর এলাকার রাস্তায় কয়েকশ যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আন্দোলনস্থলে গিয়ে ফেব্রুয়ারির ২৫ তারিখে ফল প্রকাশের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করেন। তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

গত বছরের ৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অবস্থায় সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হয়। একই বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হয়। কিন্তু মৌখিক পরীক্ষা নেয় ঢাকা  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেরণ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গ ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করেনি। যার ফলে পরীক্ষার ফল দিতে বিলম্ব হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পূর্ণাঙ্গ ফল চেয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ ফলাফল দিতে কিছুটা সময় চেয়েছে। ফলাফল দিতে এত বিলম্ব কেন এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলেই দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ হবে’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, পরীক্ষাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন অধিভুক্তের বিষয়টি গ্রহণ করে তখন অনেক পরিকল্পনার অভাব ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধীনে অনুষ্ঠিত ফলাফলগুলো অবিলম্বে আমাদেরকে দিবে। অতিদ্রুত একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ফল প্রকাশ করবো।

এ বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদকে একাধিকবার ফোন ও এসএমএস দিলেও তিনি কোনো সাড়া দেননি।

সোয়া দুই ঘন্টা সড়ক অবরোধ

সাত কলেজের ছাত্র-ছাত্রীরা সাড়ে এগারটার দিকে নীলক্ষেত মোড়ে জড়ো হন। তারা রাস্তার দুইধারে দাবি লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন এবং স্নোগান দিতে থাকেন। বেলা ১১টা  ৪৫ মিনিটে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।  জানুয়ারি মাসেই ফল প্রকাশসহ তাদের অন্য দাবিগুলো ছিলো অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা মার্চের মধ্যেই শুরু করা, কলেজের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, অনার্স ২০১২-১৩ সেশন সহ সকল সেশনের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা এবং ডিগ্রির সকল সেশনের আটকে থাকা পরীক্ষা ও ফল দ্রুত প্রকাশ করা।

পুলিশের লালবাগ জোনের এডিসি নাজির আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের জনদুর্ভোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তারা শুনেনি।

বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর, ওয়ার্ড কমিশনার উপস্থিত হয়ে আন্দোলনরতদেরকে প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গিয়ে দাবি তুলে ধরার অনুরোধ করেন।

আন্দোলনরতদের ছাত্রলীগের হুমকি

আন্দোলনরতদের উপর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা চড়াও হন বলে অভিযোগ উঠে। তারা আন্দোলনে নামা শিক্ষার্থীদের নানা ধরনের কটূক্তিমূলক কথা বলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আকতার ও যুগ্ম আহ্বায়ক শাহনাজ।

ইত্তেফাক/নূহু