স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে মেয়র আইভি রহমান ও এমপি শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যা যা ব্যবস্থা নেওয়া উচিত, নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করে যাচ্ছে, তেমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও শক্তিশালী করা হচ্ছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদকাসক্ত হয়ে বাবা-মায়ের খুনি আর কোনো ঐশী তৈরি হোক আমরা চাই না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সেঃ মাদক সংক্রান্ত সাংবাদিককের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্সের কথা বলেছি। মাদক নিয়ন্ত্রণ সম্ভব না হলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে। এক্ষেত্রে আমরা কতোখানি সফল হয়েছি তারচেয়ে বড় কথা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি মাদক নিয়ন্ত্রণে আমরা সফল হবো।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বীকার করতে দ্বিধা নেই, আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছিল আগে ঠুঁটো জগন্নাথ। তিন জেলার দায়িত্বে ছিলেন মাত্র একজন কর্মকর্তা; কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি জেলাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস করা হচ্ছে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে মাদক নিয়ন্ত্রণ করে তরুণ প্রজন্মকে রক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
ইত্তেফাক/নূহু
