কয়রায় বেড়িবাঁধে ভাঙন প্লাবিত হওয়ার আশঙ্কা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০২:৪৫

পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা রত্নাঘেরির পাউবোর বেড়িবাঁধে একশ’ ফুটের বেশি জায়গা হঠাত্ শাকবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহে আগে বেড়িবাঁধের সিংহভাগ ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলামের চেষ্টায় বেড়িবাঁধ রক্ষায় কাজ চলছে। তবে জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে গোটা এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছে এলাকাবাসী। শুধু ঐ অংশ না রত্নাঘেরির পাশে প্রায় এক কি.মি. এলাকাজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

 

আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে আবারও আইলার মতো ঐ এলাকা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে। স্থানীয় ইউপি সদস্য গনেশ মন্ডল বলেন, রত্নাঘেরি বেড়িবাঁধ শাকবাড়িয়া নদীর ভাঙনে ঝুঁকিতে রয়েছে। গতবছর বাঁধের ভেতরের শ্লোভে পাউবো কর্তৃপক্ষ মাটির কাজ করেছিল কিন্তু আশানুরূপ মাটি ফেলানো হয়নি। যে কারণে দুর্বল বেড়িবাঁধটি আবারো ভেঙে এলাকায় লোনা পানি ঢোকার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানী বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধের ভেতর দিয়ে মাটির কাজ করা চলছে। পাউবোর সেকশন কর্মকর্তা আবুল হোসেন বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে কাজ করানো হচ্ছে। পর্যায়ক্রমে সেখানে কাজ করার জন্য আরও সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/নূহু