ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ-কষ্ট ভোগ করতে হবে না। শীতার্ত ও বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্র, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তোলাসহ প্রত্যেকের জন্য শিক্ষা, চিকিৎসা এবং প্রতিটি গৃহহীনের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে।
আজ শুক্রবার ভোরে ঈশ্বরদী শহরের বড়ইচারা জয়নগর ও ঈশ্বরদী হরিজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, প্রত্যেক ওয়ার্ডে, ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বৃদ্ধ, প্রতিবন্ধী, এতিম, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণে দুর্নীতি চলবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মন্ত্রী নিজে ঈশ্বরদী হরিজন পরিবারের মাঝে ১ হাজার ও বড়ইচারায় ১ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অন্যান্যের মাঝে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, ঈশ্বরদী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক জুলমত হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
