বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫১
তামিম, সাকিব ও মুশফিকের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৮৩ রানে অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে আজও তাঁর ব্যাটে ছিল রানের ফল্গুধারা।
 
শতক তুলে নেওয়ার পথেই ছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু ৩০তম ওভারে আকিলা ধনঞ্জয়ার প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। তার আগে ১০২ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেছেন ৮৪ রানের ইনিংস।
 
তামিম আউট হওয়ার পর ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। তবে বেশিদূর এগোতে পারেননি। ৬৩ বলে ৬৭ রান করে বোলার গুনারত্নেকে ফিরতি ক্যাচ দেন এ অলরাউন্ডার। 
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৬৭ রান। উইকেটে মুশফিকুর রহিমের (৫৩*) সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ (১৭*)
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক। কিন্তু ১৪.৫ ওভারে এনামুলের ধৈর্যচ্যুতি ঘটে। থিসারা পেরেরার বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন এনামুল। তার আগে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ বলে ৩৫ রান করেন এ ব্যাটসম্যান। অন্য প্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম ফিফটি তুলে নেন তামিম।
 
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার সানজামুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 
 
ইত্তেফাক/ রেজা