পাখির প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৭তম পাখিমেলা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পাখি প্রকৃতির একটি ব্যতিক্রমী সৃষ্টি। পাখি আমাদের মুক্ত ডানা মেলে স্বাধীনভাবে পথ চলতে শেখায়। এ সময় পাখি সংরক্ষণ ও প্রসারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে পাখি ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর প্রিন্ট অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন সাংবাদিককে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করা হয়। এ অ্যাওয়ার্ড পেয়েছেন ডেইলি স্টারের আসাদুজ্জামান আসাদ, বাংলানিউজের নুর আলম হিমেল, সময় টিভির তোহা খান তামিম।
দিনব্যাপী এ মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), বিগ বার্ড বাংলাদেশ, বার্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাখি বিষয়ক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখিচেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
মেলার আহ্বায়ক অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, পাখি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এই মেলার মূল লক্ষ্য। উল্লেখ্য,২০০১ সাল থেকে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
ইত্তেফাক/ইউবি
