যশোরে আদ্-দ্বীনের চক্ষু সেবা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬
 
বিনামূল্যে বছরে ১০ হাজার মানুষের চোখের দৃষ্টি ফেরানোর প্রত্যয় নিয়ে ছানি অপারেশন ক্যাম্প শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান আদ-দ্বীন। শুক্রবার বেলা ১১টায় জেলার মনিরামপুরের বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন এমআরএ (মাইক্রোকেটিডট রেগুলেটরি অথরিটি) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী।
 
এসময় উপস্থিত ছিলেন আদ-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজললুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, চক্ষু চিকিৎসক ডা. মিনহাজুর রহমান প্রমুখ।
 
৭০জনের চোখে ছানি অপারেশনসহ শীতার্থদের মাঝে ৪০টি লেপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আদ-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন জানান, আদ-দ্বীন মানবতার সেবায় কাজ করছে। এ দেশের বহু মানুষ আছে যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। তারা অন্ধ হয়ে যাচ্ছেন। আদ-দ্বীন তাদের চোখে আলো ফেরাতে চায়। সে লক্ষ্যেই কাজ করছেন এর সাথে জড়িত সবাই।
 
এদিকে চক্ষুশিবির শেষে যশোর শহরতলীর পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেয়া হয়। আদ-দ্বীন ফাউনন্ডেশনের সুবিধাভোগীদের মেধাবী ১৪৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক প্রদান করেন প্রধান অতিথি মাইক্রোকেটিডট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। এ সময় আদ-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, সাংবাদিক ফখরে আলম প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/আরকেজি