যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরায় আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ১৬ দলীয় আতিয়ার রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শার্শা উপজেলার রামপুর ক্রিকেট একাদশ জামতলা ক্রিকেট একাদশকে ১৫ রানে হারিয়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকালে মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামতলা ক্রিকেট একাদশ টসে জিতে রামপুর একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। নির্ধারিত ১২ ওভারে মধ্যে ১১.২ ওভারে রামপুর একাদশ সবকয়টি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ইমরান। জামতলা একাদশের কামরুল ৩টি, কৌশিক ও রাজু ২টি এবং শান্তি ১টি করে উইকেট নেন। ১৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জামতলা একাদশ। তারা নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অভি ৫৪ ও হোসেন ৩৪ রান করেন। রামপুর একাদশের রাজু ৩টি ও রুবেল ২টি উইকেট নেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুর একাদশের ইমরান। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন একই একাদশের রাজু। খেলা পরিচালনা করেন গোলাম সরোয়ার ও আবু জুবায়ের রুমেল। স্কোরের দায়িত্বে ছিলেন সাইদুল ইসলাম, মেহেদী হাসান ও জুবায়ের আহমেদ।
মাটিকোমরায় আতিয়ার রহমান স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক আফসানুল হক টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার ইঞ্চিনিয়ার আব্দুস ছাত্তার খান। বিশেষ অতিথি ছিলেন মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, সভাপতি সোহরাব হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুর রহমান, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু, আলমগীর হোসেন, দৈনিক স্পন্দন পত্রিকার বাঁকড়া প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন, ছাত্রনেতা নেওয়াজ মাহমুদ শাহিন ও জাকির হোসেন প্রমুখ। খেলায় বিজয়ী একাদশকে ৩২ ইঞ্চি ও রানাস্আপ একাদশকে ২১ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।
