ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর চণ্ডালখিল গ্রামের একটি জলাশয় থেকে আজ শনিবার সকালে রানা মিয়া (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা মিয়া একই গ্রামের মৃত আব্দুল কুদ্দসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রানা মিয়া ডিসলাইন মেরামত কাজ করতেন। গত পাঁচদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। আজ গ্রামের একটি জলাশয়ে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এসএস
