রাজধানীর বসুন্ধরা সিটির দেশি দশের বিবিয়ানাতে শনিবার কাজি হাসিবুল আহসানের লেখা, সুর এবং গাওয়া ১০৭ গানের ১৩টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় অতিথি ছিলেন সঙ্গীত পরিচালক খায়াম আহমেদ, বাসু ঘোষ এবং আশরাফ বাবু।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, এই ১৩টি অ্যালবাম কাজি হাসিবুল আহসানের তিন বছরের কষ্টের ফসল। অ্যালবামের গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন দেশ বিদেশের প্রথিতযশা কম্পোজাররা।
কাজি হাসিবুল আহসান একাধারে একজন চিত্রশিল্পী, চিত্রপরিচালক এবং উদ্যোক্তা। এরকম একটি উদ্যোগের সফল বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, ‘একসঙ্গে ১৩টি অ্যালবাম প্রকাশ হওয়া যে কোনো শিল্পীর জন্য অনেক আনন্দের। সম্ভবত একটি রেকর্ডও। আমরা গিনেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি এই গানগুলো দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে আপনারা আমার পাশে থাকবেন।’
প্রসঙ্গত, গানগুলো বর্তমানে কাজি হাসিবুল আহসানের ইউটিউব ও সাউন্ডক্লাউডে পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই গানগুলো সিডি হিসেবেও প্রকাশ করা হবে। গানের অ্যালবামগুলোর শিরোনাম ‘গায়ক নই-১’ থেকে ‘গায়ক নই-১৩’পর্যন্ত।
ইত্তেফাক/ইউবি
