তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। যে দর্পণে সমাজের ভালো খারাপ চিত্র ভেসে উঠে। আর গণমাধ্যমের মাধ্যমেই মানুষ তা জানতে পারে। আমিও ভুল করলে সেটা তুলে ধরবে এটাই চাই। যাতে ভুল সংশোধন করতে পারি।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিংড়া প্রেসক্লাব হবে বাংলাদেশের মডেল। সরকারি ও ব্যক্তিগত সহযোগিতায় এখানে আধুনিক মানের কমপ্লেক্স ভবন নির্মিত হচ্ছে। যেখানে ডিজিটাল ল্যাব ও লাইব্রেরি স্থাপন করা হবে। পাশাপাশি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের সুব্যবস্থা থাকবে। এখান থেকে সাংবাদিকরা প্রযুক্তির সুবিধা নিবে, জ্ঞান আহরণ করবে।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, তাজপুর ইউপির চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব আলম বাবু, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সহ-সভাপতি লতিফ মাহমুদ, কাউন্সিলর দেদার হায়াত বেনু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
