সন্ত্রাসের বিরুদ্ধে আর ব্যয় নয়, সামরিক শক্তিবৃদ্ধিতে মনোযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২১:২৯
প্রতিরক্ষা নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থব্যয় না করে সামরিক শক্তিবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়া দরকার। নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণার পর জেনারেল ম্যাটিস বলছেন, চীন বা রাশিয়ার মত পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে- তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত।
IMG0
জেমস ম্যাটিস আরো বলছেন, ‘আমরা ক্রমেই রাশিয়া এবং চীনের মতো ক্ষমতাধর দেশগুলি থেকে হুমকির মুখোমুখি হচ্ছি। তারা স্বৈরাচারী মডেলের সঙ্গে মিল রেখে একটি বিশ্ব তৈরি করতে চায় যা কিনা অন্যান্য দেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করবে।’
IMG1
নাইন ইলেভেনের পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচালিত মার্কিন অভিযানকে আর মূল বিষয় হিসেবে দেখতে চায় না ট্রাম্প প্রশাসন। নতুন প্রতিরক্ষা নীতি মার্কিন সামরিক নীতির বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের এমন নীতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে, যুক্তরাষ্ট্র আলোচনার পরিবর্তে সংঘর্ষের মাধ্যমে বিশ্বে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। চীন একে স্নায়ুযুদ্ধের মানসিকতা বলে উল্লেখ করেছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু