বিদ্যুৎ সংযোগ পেল ঝিকরগাছার ৬৭৬ পরিবার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫
 
'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ৬৭৬টি পরিবারের মাঝে বিদ্যুতের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শংকরপুর, কুমরী, কুলবাড়ীয়া ও বকুলিয়া গ্রামের ৫০ লাখ ৩২ হাজার  টাকা ব্যয়ে ৬৭৬টি মিটারের এই বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন করা হয়। 
 
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। 
 
এমপি মনির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সর্ব বিভাগে উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার নিরাপত্তা থাকে। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান এই সংসদ সদস্য। 
 
শংকরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা পল্লী বিদ্যুতের এজিএম মো. মামুন মোল্লা, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিকদার মতিয়ার, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য মোছা. শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহিন-উল-কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল কাশেম। 
 
এ সময় উপস্থিত ছিলেন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, শংকরপুর ইউপি চেয়ারম্যান নিছার আলী, আওয়ামী লীগ সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, বর্তমান সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন আলী প্রমুখ।