সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন ‘ফ্যাশন ফর লাইফ’ অনুষ্ঠান আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তৃতীয় বারের মতো দিনব্যপী এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে চিত্রাংকন প্রতিযোগীতা।
আজ শনিবার সকাল ১১টায় ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘চারুলতা’ ও নগরীর বিভিন্ন স্থান থেকে আসা শিশুরা উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নিবে। এতে তিনজন বিজয়ীকে পুরষ্কার দেয়া হবে। এছাড়াও প্রত্যেক শিশুর আঁকা ছবি অতিথিদের মধ্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রয়লব্দ অর্থ অনুষ্ঠানস্থলে স্ব স্ব ছবির শিশু শিল্পীর হাতে ‘শিক্ষা সহায়তা’ হিসেবে তুলে দেয়া হবে।
দুপুরের পর দ্বিতীয়পর্বে নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউএসটিসির শিক্ষার্থীরা শিশুদের অধিকার নিয়ে বিষয়ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করবেন। তৃতীয় পর্বে পেশাদার মডেলদের সাথে ফ্যাশন ক্যাটওয়াকে অংশ নিবে পথশিশুরা। এছাড়াও তারা দলীয় ও এককভাবে নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করবে।
দিনব্যাপী এই আয়োজনের তৃতীয় পর্ব অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রোটারি জেলা-৩২৮২ এর গভর্নর ড. আবু তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মঞ্জুরুল আমিন চৌধুরী, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, চিটাগাং চেম্বারের ডিরেক্টর জাহিদুল হক, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের সভাপতি গিয়াস ফয়সাল, ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার দাশ।
ইত্তেফাক/কেকে
