গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু, বোন আহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২২:১৯

বরিশালের গৌরনদীতে গতকাল বিকেলে জামাল হোসেন মিয়া(৫০) নামক এক ব্যবসায়ী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। আহত হয়েছেন তার ছোট বোন কনা বেগম (৩৫)। নিহত জামাল হোসেন গৌরনদী বাসষ্ট্যান্ডের কলেজ গেটের একজন দোকানদার। তিনি উপজেলার উত্তর পালরদী গ্রামের খলিলুর রহমান মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা ২ ভাইবোন গৌরনদী বন্দরের প্রধান সড়কের ফ্যাশন বাজার নামক একটি ভবনের দোতলায় একটি বিউটি পার্লারের সাইনবোর্ড লাগাতে গিয়ে ভবন ঘেষা বৈদ্যুতিক তারে জামাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ভাই জামালকে উদ্ধার করতে গিয়ে বোন কনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় জামাল মিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কনা বেগমকে গৌরনদী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/নূহু