শিক্ষা প্রতিষ্ঠানে আজ ধর্মঘট ডেকেছে শিক্ষক সংগঠনগুলো

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ০৯:১৭
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি না মানায় আজ রবিবার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক সংগঠনগুলো। এদিন বেসরকারি মাধ্যমিক, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম ব্যানারে এ কর্মসূচি পালন করবেন তারা।
 
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন এসব শিক্ষক। অনশন ও ধর্মঘট একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
 
শিক্ষক নেতারা বলেন, আমরণ অনশনের ৬ষ্ঠ দিন অতিবাহিত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। গতকাল সুনামগঞ্জের সালমা আক্তার নামে একজন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হন, এছাড়া আরো একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৭৬ জন শিক্ষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়।
 
গতকাল শনিবার জাতীয়করণের সঙ্গে সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি শিক্ষকদের এ দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
 
গতকাল আমরণ অনশন কর্মসূচির বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ