জাতীয়করণ থেকে বাদপড়া প্রাথমিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:৩০
তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার সকাল ৯টা থেকে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রীর কাছে থেকে জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান ধর্মঘটে থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। 
 
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ এবং কেন্দ্রীয় টাস্কফোর্স জাতীয়করণ কমিটি সরকারিভাবে যাচাই বাছাই করলেও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনা হয়নি। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।
 
অবস্থান ধর্মঘটের প্রথম দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন, সহসভাপতি ছালেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল প্রমুখ।
 
২৩ থেকে ২৮ জানুয়ারি ধর্মঘট : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা শিক্ষক-কর্মচারীসংগ্রাম কমিটি ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে। মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।   
 
ইত্তেফাক/ইউবি