রংপুরবাসীকে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন দেব: মেয়র মোস্তফা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৪৮
 
রংপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শপথ গ্রহণের পর রবিবার দুপুরে তিনি রংপুরে আসার পথে গাইবান্ধা থেকে রংপুর পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন জায়গায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গাইবান্ধা থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয় অসংখ্য তোড়ন। বিকেলে তিনি রংপুরে সিটি কর্পোরেশনে এলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সকল কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
 
এ সময় নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড পরিচালনা ও দৃশ্যমান কর্মকাণ্ড চালানোর প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বস্ত করেছেন উন্নয়নে সহযোগিতা করার জন্য। এ কারণে রংপুর সিটি কর্পোরেশনকে যানজটমুক্ত, বসবাসযোগ্য, নিরাপদ, সুন্দর, ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে রংপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান।
 
তিনি বলেন, রংপুরবাসীকে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন উপহার দিতে চাই। জনগণ আমাকে বিপুলভোটে নির্বাচিত করেছে। তাই তাদের আশা-আকাঙ্খা, প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটাতে চাই। রংপুর সিটি কর্পোরেশন যাতে বাংলাদেশের মধ্যে একটি মডেল সিটি কর্পোরেশন হয় সে লক্ষ্যেই সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে চাই। দল মতের উর্ধ্বে থেকে সিটি কর্পোরেশনকে পরিচালনা করতে চাই। সব দলমতের মানুষ আমার কাছে নিরাপদ। 
 
সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুল ইসলাম, মোখলেছুর রহমান তরু, শ্রী হারাধন চন্দ্র রায়, মনোয়ারুল ইসলাম লেবু, ফজলে এলাহী ফুলু, জাকারিয়া আলম শিপলু, জয়নুল আবেদীন, রবিউল আলম রতন, সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বানু, ফেরদৌসি বেগম, সিটি কর্পোরেশনের সচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, আব্দুর রহিম বাবলু প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি