কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধ’, ৩ পুলিশ আহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২২:০৮
 
কুমিল্লায় ডাকাতের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। সোমবার বিকালে দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় গোমতী নদীতে নৌ-ডাকাত আটক করতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এক নৌ-ডাকাতকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে। এতে ৩ পুলিশ আহত হয়েছে।  
 
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল বলে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ পিপিএম। 
 
পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে গোমতী নদী এলাকায় নৌকা ও ট্রলারসহ বিভিন্ন নৌ যানবাহনে অস্ত্রের মুখে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বিকাল থেকে গোমতী নদীর দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান শুরু করে। এসময় ডাকাতরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও ৪০ রাউন্ড শর্টগান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি ছুড়ে। সংঘবদ্ধ ডাকাতদলের অনেকে পালিয়ে গেলেও শাওন (২০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশ। 
 
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই সহিদুল ইসলাম আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনলা কাটা বন্দুক, ৯টি রাম-দা, ৬ রাউন্ড গুলি, ডাকাতির জন্য ব্যবহৃত ২টি নৌকাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে। রাত সাড়ে ৮টায় এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে।
 
ইত্তেফাক/আরকেজি