চট্টগ্রামের লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হলেন মোহাম্মদ ইলিয়াছ।
সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলমের সভাপতিত্বে বাছাই কমিটির মূল্যায়নে তাঁকে নির্বাচিত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নূরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।
মোহাম্মদ ইলিয়াছ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ প্রতিযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। তিনি বর্তমানে উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিষয়ের সহ: অধ্যাপক। ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ‘৯৯-এ এবং ২০১৪ সালে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি উচ্চতর গণিত বিষয়ে মাস্টার ট্রেইনার ও ক্যারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত। অন্যদিকে তিনি এলজিএসপি-২‘র লোহাগাড়া উপজেলার প্রশিক্ষক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক। ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান বই এবং লোহাগাড়ার ইতিহাস ও ঐতিহ্য বইসহ বেশ কয়েকটি বই লিখেছেন তিনি।
তিনি চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকার নিয়মিত ফিচার লেখক। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রিত লোহাগাড়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল কনটেন্ট প্রণয়ন, শ্রেণী কক্ষে উপস্থাপন, সফটওয়ার ও হার্ডওয়্যার ট্রাবল স্যুটিং এবং আইসিটি ল্যাব অপারেশনে প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি লোহাগাড়া উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি সদস্য। লোহাগাড়া উপজেলা পুল শিক্ষক নিয়ােগ কমিটির সদস্য ছিলেন তিনি।
স্বাধীনতা শিক্ষক পরিষদ, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ, লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি, হডে শিল্পী গোষ্ঠী,যাত্রী কল্যাণ পরিষদসহ বহু শিক্ষা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে তিনি।
উল্লেখ্য, তিনি ১৯৯৫ সালে লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে প্রভাষক পদে যোগদান করে এলাকায় শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন।
ইত্তেফাক/নূহু
