উদ্বোধনের অপেক্ষায় রায়পুরের ফায়ার সার্ভিস স্টেশন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:০৭
রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে আগুন লাগলে এত দিন ১৫ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষয়-ক্ষতি যা হওয়ার তা হয়ে যেত। তাই উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হয়েছে সে দাবি। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। তবে এখনও উদ্বোধন না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রায়পুর বাসি।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, রায়পুর পৌর শহরের রায়পুর-ফরিদগঞ্জ সড়কের লেংড়া বাজার এলাকায় ২০১৬ সালে ২ কোটি ১৮ লাখ ৮৩৬ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণের দায়িত্ব পায় নোয়াখালীর শামীম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে জাকারিয়া এন্ড সন্সের মালিক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়ার পরিচালনায় তিন তলা বিশিষ্ট এ ফায়ার স্টেশন কাজ শেষ করা হয়েছে।
 
সূত্র আরো জানায়, গত মাসে শেষ হয় ধোয়া-মোছার কাজও। দুটি গাড়ি ও ১৭ জন লোকবল থাকবে এই স্টেশনে। তাদের মধ্যে দুজন গাড়ি চালক ও ১৫ জন ফায়ারম্যান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ