পঞ্চগড় চিনিকলের মিল হাউস ফিটার মতিয়ার রহমান (৬৫) ক্যান ক্যারিয়ারের ভেতরে নাইফে কাটা পড়ে (ছুরি) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে মিল হাউস ফিটারে কাজ করতেন। তার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর গ্রামে। তিনি ওই গ্রামের ফইমউদ্দিন ওরফে পদ্মার ছেলে।
এ ঘটনার পর চিনিকলের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। ক্ষুব্ধ শ্রমিকরা অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভ করে। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিন কুমার কুন্ডু, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীন আহমেদসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড় পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চিনিকলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ইত্তেফাক/আরকেজি
