মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে শিশু ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২ এপ্রিল ২০১৮ পরবর্তী দিন ধার্য করেছেন।
মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনধার্য ছিল।
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়।
এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সাকে সহসভাপতি সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ ১৬জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ২নং আসামি আজিবর শেখ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
